তেল আবিবের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা বিপজ্জনক: ইয়ার লাপিদ
-
ইয়ার লাপিদ
পার্সটুডে-ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ব্রিটেনের তেল আবিবের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এটিকে “ভুল ও বিপজ্জনক” পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়ার লাপিদ বলেন, ব্রিটিশ সরকারের তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তটি “মারাত্মক ভুল”। তাঁর ভাষায়, এই নীতি “ভুল, বিপজ্জনক ও অনুপযুক্ত”।
ইসরায়েলি ডানপন্থী কয়েকজন মন্ত্রীর উগ্র কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলি পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাক্কালে ব্রিটেনের এই সিদ্ধান্ত উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
বিরোধী দলীয় নেতা আরও দাবি করেন, ব্রিটেনের এই সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাঁর মতে, অসন্তুষ্ট ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যেই লন্ডন এ ধরনের পদক্ষেপ নিয়েছে।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় ব্রিটিশ সরকার মঙ্গলবার তেল আবিবের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ঘোষণা করার পর লাপিদের এসব মন্তব্য আসে। এই সিদ্ধান্তে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এদিকে, ব্রিটেনের সিদ্ধান্তের পর ফ্রান্স ও কানাডাও ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং বসতি সম্প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট বসতি ও ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে।#
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।