৬১ নিরপরাধ ইরাকিকে গুলি করে হত্যা করল দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i16552-৬১_নিরপরাধ_ইরাকিকে_গুলি_করে_হত্যা_করল_দায়েশ
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে অন্তত ৬১ জন বেসামরিক নাগরিককে বন্দি করার পর হত্যা করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ। নিরপরাধ এসব মানুষ দায়েশের হাত থেকে প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে ধরা পড়েন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৬ ১৪:২৯ Asia/Dhaka
  • ৬১ নিরপরাধ ইরাকিকে গুলি করে হত্যা করল দায়েশ

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে অন্তত ৬১ জন বেসামরিক নাগরিককে বন্দি করার পর হত্যা করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ। নিরপরাধ এসব মানুষ দায়েশের হাত থেকে প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে ধরা পড়েন।

ইরাকের সরকারপন্থি পপুলার মবিলাইজেশন ইউনিটের অন্যতম কমান্ডার হাসান মাহমুদ আল-সুফি আজ (শনিবার) জানিয়েছেন, জঙ্গি অধ্যুষিত হাওয়াইজা শহরের একটি ফায়ারিং স্কোয়াডে এসব মানুষকে গুলি করে হত্যা করে দায়েশ। ওই ৬১ জনের মধ্যে একজন নারীও রয়েছেন। রাজধানী বাগদাদ থেকে ১৭৫ কিলোমিটার উত্তরে হাওয়াইজা শহর অবস্থিত।এর আগে বৃহস্পতিবার উগ্র জঙ্গিরা এই শহর থেকে পলায়নরত ১২ ব্যক্তিকে হত্যা করে।

সুফি জানান, কয়েকদিন আগে হাওয়াইজা থেকে পালাতে গিয়ে ৩,০০০ বেসামরিক ইরাকি দায়েশের হাতে ধরা পড়েন। এসব মানুষের মধ্যে শত শত নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। সরকারি সেনাদের অগ্রাভিযান রোধ করার জন্য দায়েশ হতভাগ্য এসব মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছে বলে খবর পাওয়া গেছে।

গত ১৪ মে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে নাইট্রিক এসিডের চৌবাচ্চার মধ্যে ফেলে ২৫ ব্যক্তিকে হত্যা করে দায়েশ। ওইসব ব্যক্তি সেনাবাহিনীর পক্ষে দায়েশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করেছিল বলে অভিযোগ করে এ জঙ্গি গোষ্ঠী। হতভাগ্য এসব মানুষকে দড়িতে বেধে নাইট্রিক এসিডের মধ্যে ডুবিয়ে দেয়া হয়। কিছুক্ষণ পর তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ এসিডের মধ্যে দ্রবীভূত হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬