সিরিয়ার সন্ত্রাসীদের মদদ দিচ্ছে রিয়াদ,আঙ্কারা এবং দোহা: জাফারি
-
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি বলেছেন, সৌদি আরব, তুরস্ক এবং কাতার তার দেশে তৎপর তাকফিরি সন্ত্রাসীদেরকে আর্থিক এবং সামরিক সহায়তা দিচ্ছে।
গতকাল (সোমবার) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বাশার আল-জাফারি বলেন- রিয়াদ, আঙ্কারা এবং দোহা দাবি করছে যে, তারা সিরিয়ার জনগণকে সমর্থন দিচ্ছে। অথচ তারা প্রকৃতপক্ষে সিরিয়ায় সহিংসতা এবং সন্ত্রাস উসকে দিচ্ছে।
তিনি বলেন, সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির সব ধরণের অর্থনৈতিক কাঠামোর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি দায়েশের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ফলে বেসামরিক অবকাঠামোগত ক্ষতি হয়েছে ১০০ কোটি ডলারের বেশি।
জাফারি আরো বলেন, মার্কিন জোটের বিমান হামলার ফলে কৌশলগত আলেপ্পো শহরে অবস্থিত ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গেছে।
শীর্ষস্থানীয় এই কূটনৈতিক বলেন, সিরিয়া সংকট শুরুর পর দেড় বছরের মধ্যে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীরা আলেপ্পো শহরের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে এবং শহরটির শিল্প ও কল-কারখানাগুলো লুট করেছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীরা আবাসিক এলাকাগুলোতে মর্টার এবং রকেট হামলা চালাচ্ছে।
সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের মাধ্যমে সংঘটিত নৃশংসতা কিছু আন্তর্জাতিক পক্ষ গোপন করার যে প্রচেষ্টা চালাচ্ছে তারও নিন্দা জানান জাফারি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩