মসুলের কাছে কাইয়ারা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরাকি সেনাবাহিনী
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে কাইয়ারা শহর পুনর্দখল করেছে ইরাকের সেনাবাহিনী। দেশটির উত্তরাঞ্চলীয় নগরী মসুলের কাছে কাইয়ারা শহরটি অবস্থিত। স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দায়েশের হাত থেকে মসুল নগরী পুনর্দখলের লক্ষ্যে বর্তমানে এর আশপাশের এলাকাগুলো মুক্ত করার কাজে ব্যস্ত রয়েছে।
মসুল উদ্ধার অভিযানে ইরাকি পদাতিক বাহিনীর কমান্ডার লে. জেনারেল রিয়াদ জালাল তাওফিক জানিয়েছেন, “আমরা অতি অল্প সময়ের মধ্যে দায়েশকে নির্মূল করে কাইয়ারা শহরের নিয়ন্ত্রণ নিয়েছি।” বর্তমানে সেনাবাহিনীর প্রকৌশলী ইউনিটগুলো শহর থেকে মাইন ও রাস্তায় পেতে রাখা বোমা অপসারণের কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
কাইয়ারা বিমানঘাঁটি দখলের প্রায় এক মাস পর গত মঙ্গলবার শহরটি দখলের অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী। দু’দিনের ব্যাপক সংঘর্ষের পর বৃহস্পতিবারই গোটা শহর তাদের নিয়ন্ত্রণে চলে আসে।
২০১৪ সালে দায়েশ ইরাকের বিস্তীর্ণ এলাকার সঙ্গে এই শহরটিও দখল করে নিয়েছিল। মসুল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কাইয়ারা শহরের বিমানঘাঁটিকে মসুল উদ্ধার অভিযানে ব্যবহার করা হবে বলে জেনারেল তাওফিক জানিয়েছেন।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এক বিবৃতিতে কাইয়ারা পুনর্দখলকে মসুল উদ্ধারের পথে গুরুত্বপূর্ণ সাফল্য বলে উল্লেখ করেছেন। তিনি এ শহর ও এর আশপাশের এলাকা মুক্ত করার সাফল্যে ইরাকের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬