আমেরিকার সঙ্গে রাকায় অভিযান চালাতে প্রস্তুত তুরস্ক: এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকার সঙ্গে মিলে সিরিয়ার রাকা শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালাতে তার দেশ প্রস্তুত রয়েছে। রাকা হচ্ছে দায়েশের স্বঘোষিত খেলাফতের রাজধানী।
এরদোগানের বরাত দিয়ে তুরস্কের দৈনিক হুররিয়াত পত্রিকা এ খবর দিয়েছে। এরদোগান দাবি করেছেন, চীনের হাংঝু শহরে জি-২০ সম্মেলনের অবকাশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় তিনি এ প্রস্তাব তুলে ধরেন এবং ওবামা যৌথ অভিযানের বিষয়কে সমর্থন করেছেন। তিনি বলেছেন, “বিশেষ করে রাকা ইস্যুতে ওবামা যৌথভাবে কিছু করতে চান। সে সময় আমি বলেছি, সিরিয়ার উত্তরাঞ্চলীয় এ শহর দখল করার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমাদের সেনারা যৌথ অভিযানে এগিয়ে আসবে, আলোচনা করবে এবং যা প্রয়োজন তাই করবে।” এরদোগান দাবি করেন, সিরিয়া ইস্যুতে নতুন আলোচনায় তার দেশের ভূমিকা প্রভাব ফেলবে।
তুরস্কে তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে তুরস্ক ও আমেরিকা লড়াইয়ের কথা বললেও দুই দেশের বিরুদ্ধেই সন্ত্রাসীদের প্রতি সর্বাত্মক সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮