আবার সিরিয়ার গোলান মালভূমিতে বোমাবর্ষণ করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i19540-আবার_সিরিয়ার_গোলান_মালভূমিতে_বোমাবর্ষণ_করল_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান আবারো গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে দেশটির সেনা অবস্থানে বোমাবর্ষণ করেছে। এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালাল তেল আবিব।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০২:৪০ Asia/Dhaka
  • একটি ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান
    একটি ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান

ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান আবারো গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে দেশটির সেনা অবস্থানে বোমাবর্ষণ করেছে। এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালাল তেল আবিব।

ইহুদিবাদী বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে মর্টারের গোলা নিক্ষেপের জবাবে আজ (বৃহস্পতিবার) ভোরে ওই বিমান হামলা চালানো হয়। কথিত মর্টার হামলায় কেউ হতাহত হয়নি বলেও জানায় ইসরাইলি সেনারা।

এর আগে রোববার তেল আবিব এক বিবৃতিতে দাবি করেছিল, গোলান মালভূমির সিরিয়া অংশ থেকে ইসরাইলি অংশে  মর্টারের গোলা আঘাত হানার পর তারা সেখানে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর কামান লক্ষ্য করে ওই হামলা চালানোর কথা  উল্লেখ করে তেল আবিব জানায়, সিরিয়ার মর্টারের গোলা ইসরাইল অধিকৃত গোলান মালভূমির জনমানবহীন এলাকায় পড়েছে বলে কেউ হতাহত হয়নি।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ এই দখলদারিত্বকে স্বীকৃতি না দিলেও তেল আবিব এই মালভূমির দখলীকৃত অংশকে নিজের  ‘অবিচ্ছেদ্য অংশের’ অন্তর্ভূক্ত করে নিয়েছে। বর্তমানে সেখানে গড়ে উঠেছে বহু অবৈধ ইহুদি বসতি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫