ওয়াহাবি মতবাদ ইসরাইলের চেয়েও খারাপ: হাসান নাসরুল্লাহ
-
লেবানন প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, উগ্র ওয়াহাবি মতবাদ ইহুদিবাদী ইসরাইলের শাসনব্যবস্থার চেয়েও ধ্বংসাত্বক।
আসন্ন পবিত্র মহররম মাস উপলক্ষে আশুরার শোকানুষ্ঠান পালনে দায়িত্বশীল ব্যক্তিদের এক সমাবেশে হিজবুল্লাহর মহাসচিব এ মন্তব্য করেন। লেবাননের আল-আকবর সংবাদ মাধ্যম আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।
হিজবুল্লাহ প্রধান বলেন, গোটা বিশ্বে ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার পেছনে ওয়াহাবি মতবাদ দায়ী। তিনি আরো বলেন, ইসরাইলের চেয়েও ক্ষতিকর ওয়াহাবি মতবাদ। বিশেষ করে ওয়াহাবি মতবাদের কাজ হচ্ছে ইসলামের মহিমান্বিত ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে ধ্বংস করা।
সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, "ইসলামকে ধ্বংস করার প্রক্রিয়া ২০১১ সালেই শুরু হয়েছিল এবং এটা অবশ্যই শিয়া-সুন্নী কোনো বিষয় নয়। এই প্রক্রিয়া যে গুপ্তচরদের মাধ্যম শুরু হয়েছে তা স্পষ্ট। তাই এই ওয়াহাবি মতবাদকে কোনঠাসা করা এবং একে নির্মূল করার সুযোগ আমাদেরকে নিতে হবে।"
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান সংঘাত শিয়া এবং সুন্নি মতাদর্শের মধ্যে বিভক্তির কারণে ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি। হিজবুল্লাহ নেতা আরো বলেন, "বর্তমানে ওয়াহাবি মতবাদ এবং ইহুদিবাদের চেয়েও যে বিষয়টি আরো মারাত্মক হুমকি সৃষ্টি করছে তা হচ্ছে ব্রিটিশ মার্কা শিয়া মতবাদ। আর এই মতবাদ তথাকথিত ভাড়াটে ধর্মীয় ব্যক্তিত্বদের মাধ্যমেই প্রসারিত হচ্ছে।"
হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের মাটি থেকে ওয়াহাবি মতাদর্শ উপড়ে ফেলার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন হাসান নাসরুল্লাহ। এছাড়া, সিরিয়ার ভূখণ্ড থেকে তাকফিরি সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে দেশটির সরকারকে সহযোগিতা দিয়ে আসছে হিজবুল্লাহ।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৭