মসুল উদ্ধারে সেনা পাঠাচ্ছে আমেরিকা: জানালেন এবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i21454-মসুল_উদ্ধারে_সেনা_পাঠাচ্ছে_আমেরিকা_জানালেন_এবাদি
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর মুক্ত করতে সহায়তা করার জন্য আমেরিকা আরো সৈন্য পাঠাবে। এ খবর দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৬ ০৩:৪৪ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর মুক্ত করতে সহায়তা করার জন্য আমেরিকা আরো সৈন্য পাঠাবে। এ খবর দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ইরাকে মার্কিন সামরিক উপদেষ্টা ও পদাতিক সেনা পাঠাতে বাগদাদ যে অনুরোধ জানিয়েছিল তাতে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইরাকি প্রধানমন্ত্রী এমন সময় এ খবর দিলেন যখন কিছুদিন আগ পর্যন্ত মসুল পুনরুদ্ধারের অভিযানে বিদেশি সেনাদের অংশগ্রহণের বিষয়টি অস্বীকার করে আসছিল বাগদাদ।

ইরাকি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ ব্রিগেডিয়ার-জেনারেল ইয়াহিয়া রাসুল গত রোববার জানিয়েছিলেন, “মসুলসহ ইরাকি শহরগুলো স্বাধীন করার অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সম্পূর্ণ ইরাকি।”

কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ইরাকি প্রধানমন্ত্রীর নয়া বক্তব্য সমর্থন করে বলেছেন, ইরাকে আরো ৬০০ সেনা পাঠাতে সম্মত হয়েছে পেন্টাগন। এসব সেনাকে ইরাকের ঠিক কোথায় মোতায়েন করা হবে তা পরে ঘোষণা করা হবে বলে তিনি জানান। তবে এসব সেনার বেশিরভাগই মসুল মুক্ত করার অভিযানে অংশ নেবে।

ইরাকে বর্তমানে ৪,৫৬৫ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯