মার্কিন বিমান হামলায় ইরাকে এবার ২০ যোদ্ধা নিহত
-
ইরাকের আকাশে ব্রিটিশ জঙ্গিবিমান
ইরাকে দায়েশ নিয়ন্ত্রিত মসুল শহরের কাছে সরকারপন্থি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের বোমা হামলায় অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে আল-কয়রা এলাকার খারায়েব গ্রামে অবস্থিত একটি ভবনের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের বোমারু বিমান হামলা চালায়। এতে ২০ জন উপজাতি যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি আরো পাঁচ ব্যক্তি আহত হয়েছে বলে আরবি ভাষার শাফাক সংবাদ সংস্থা জানিয়েছে।
বিমান হামলার সময় স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা ওই ভবনে আশ্রয় নিয়েছিল বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। গত ডিসেম্বরে মার্কিন বাহিনীর বিমান হামলায় ২০ ইরাকি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরো ৩০ জন আহত হয়েছিল।
২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ইরাকে তাকফিরি দায়েশের অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে বলে দাবি করছে। তবে জোটের হামলায় দায়েশ নির্মূল কিংবা তাদের শক্তি খর্ব হয় নি। উল্টো মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দায়েশের প্রতি সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে।
পার্সটুডে/বাবুল আখতার/৫