আকাশসীমা লঙ্ঘন করলে তুর্কি বিমান ভূপাতিত করা হবে: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i23548-আকাশসীমা_লঙ্ঘন_করলে_তুর্কি_বিমান_ভূপাতিত_করা_হবে_সিরিয়া
সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে তুরস্কের যেকোনো বিমান ভূপাতিত করা হবে বলে হুমকি দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে সিরিয়ার আর্মি জেনারেল কমান্ড এ কথা বলেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২১, ২০১৬ ০৭:০২ Asia/Dhaka
  • তুর্কি যুদ্ধবিমান (ফাইল ফটো)
    তুর্কি যুদ্ধবিমান (ফাইল ফটো)

সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে তুরস্কের যেকোনো বিমান ভূপাতিত করা হবে বলে হুমকি দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে সিরিয়ার আর্মি জেনারেল কমান্ড এ কথা বলেছে।

সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো এলাকায় কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি গেরিলাদের অন্তত ১৮টি অবস্থানে তুর্কি বিমান থেকে হামলা চালানোর পর এ হুমকি দিল সিরিয়ার সামরিক বাহিনী। তুর্কি হামলায় অন্তত ২০০ ওয়াইপিজি গেরিলা নিহত হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু হামলার কথা নিশ্চিত করে বলেছে, ২৬ দফা হামলায় ১৬০ থেকে ২০০ কুর্দি গেরিলা নিহত হয়েছে। এছাড়া, ওয়াইপিজি’র সদরদপ্তরসহ নয়টি ভবন, বৈঠকের স্থান, কয়েকটি আশ্রয়কেন্দ্র ও অস্ত্রের গুদাম ধ্বংস করা হয়েছে।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীরা আলেপ্পোয় বেসামরিক নাগরিকদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গতকাল তিনি এ অভিযোগ তোলেন। সন্ত্রাসীদের কবলে থাকা এলাকা ছেড়ে বেসামরিক লোকজনের চলে যাওয়া ঠেকাতে সন্ত্রাসীরা মর্টারের হামলা চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একই ধরনের অভিযোগ করেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ফোনালাপে বলেন, সন্ত্রাসীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং বেসামরিক লোকজনকে এলাকা ছাড়তে বাধা দিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১