বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরাকি প্রধানমন্ত্রী
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে দেশ পুরোপুরি মুক্ত না করা পর্যন্ত জোরদার লড়াই অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতির সঙ্গে রাজধানী বাগাদে এক বৈঠকে এবাদি এ মন্তব্য করেন।
বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগিরি সামরিক অভিযান শেষ হবে। অবশ্য, তিনি ইরাকের চলমান লড়াইয়ে গোয়েন্দা ও নিরাপত্তা সহায়তা দিতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান।
বৈঠকে সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, ইরাকের সংহতি ও সার্বভৌমত্ব ধরে রাখার জন্য সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরান তার সহায়তার হাত সম্পূর্ণভাবে বাড়িয়ে দিয়েছে। এ সময় তারা দুজন দ্বিপক্ষীয় সম্পর্ক, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল উদ্ধারের জন্য যখন সর্বাত্মক অভিযান শুরু হয়েছে তখন ড. বেলায়েতি ইরাক সফর করছেন। সে কারণে তার এ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১