ইরাকের কিরকুকে বিমান হামলার তদন্তের আহ্বান জানাল হিউম্যান রাইটস
ইরাকের কিরকুক প্রদেশে সম্প্রতি শিয়া মুসলমানদের একটি সমাবেশে বিমান হামলায় এক ডজনের বেশি ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।
গত ২১ অক্টোবর কিরকুকের দাকুক শহরে পবিত্র মহররমের শোকানুষ্ঠানে হামলা হলে অন্তত ১৫ নারী নিহত এবং আরো বহু বেসামরিক ব্যক্তি আহত হয়।
এইচআরডাব্লিউ'র মধ্যপ্রাচ্য বিষয়ক উপপ্রধান লামা ফাকিহ আজ (সোমবার) বলেছেন, এমনকি যুদ্ধের উত্তাপের মধ্যেও বেসামরিক ব্যক্তিরা যাতে হামলার স্বীকার না হয় সেনাবাহিনীর উচিত পূর্ব সতর্কতামূলক সব ধরণের ব্যবস্থা নেয়া। তিনি আরো বলেন, বেসামরিক ব্যক্তিদের হত্যায় ওই বিমান হামলা অবৈধ ছিল কিনা ইরাকি নিরাপত্তা বাহিনীর উচিত এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা। এ ক্ষেত্রে তারা ভুল করে থাকলে ভুক্তভোগী ব্যক্তিরা যাতে যথার্থ ক্ষতিপূরণ পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে দায়েশের অবস্থানে হামলা চালিয়ে আসছে এবং তারা দাকুকে বেসামরিক ব্যক্তিদের ওপর বোমা বর্ষণ করেছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪