রাসায়নিক অস্ত্র প্রয়োগের পশ্চিমা অভিযোগ প্রত্যাখ্যান করল সিরিয়া
-
ফাইল ফটো
সিরিয়ায় বিরোধীদের অবস্থানে রাসায়নিক অস্ত্র প্রয়োগের পশ্চিমা অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিছু পশ্চিমা দেশ ও তাদের এজেন্টরা সিরিয়ার বিরুদ্ধে ক্লোরিন গ্যাসের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ তুলছে তা বারবার প্রত্যাখ্যান করেছে দামেস্ক।
২০১৫ সালের ১৬ মার্চ সিরিয়ার ইদলিব প্রদেশের কিউমিনাস এলাকায় দেশটির সরকারি বাহিনী রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছে বলে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করার চারদিন পর দামেস্ক এ প্রতিক্রিয়া ব্যক্ত করল।
জাতিসংঘ এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার পক্ষ থেকে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ প্রতিবেদনে নিজেদের দাবির পক্ষে কোনো ‘অকাট্য তথ্যপ্রমাণ’ উপস্থাপন করতে পারেননি তদন্তকারীরা। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ধরনের একপেশে রাজনৈতিক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হচ্ছে। সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র সংক্রান্ত সব আন্তর্জাতিক আইন মেনে চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭