যেকোনো আগ্রাসনের জবাব দেয়া হবে: তুরস্ককে ইরাক
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, তার দেশের ভেতরে তুরস্কের সামরিক আগ্রাসনের ঝুঁকি এখনো রয়ে গেছে এবং কোনো ধরনের আগ্রাসন চালালে ইরাক তার জবাব দেবে।
রাজধানী বাগদাদে আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এবাদি বলেন, তার দেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না কিন্তু কোনো দেশ যদি ইরাকের ভূখণ্ডে হামলা চালায় তবে তার জবাব দেয়ার অধিকার রাখে। তিনি জোর দিয়ে বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে তাল আফার শহরের নিরাপত্তার গুরুত্ব ইরাক সরকারের কাছে বেশি।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে উদ্ধারের জন্য যখন দেশটির সরকারি ও স্বেচ্ছাসেবী বাহিনী এবং পেশমার্গা যোদ্ধারা জোরদার অভিযান চালাচ্ছে তখন এবাদি এ বক্তব্য দিলেন। সংবাদ সম্মেলনে হায়দার আল-এবাদি জাতীয় ঐক্যের প্রশংসা করেন এবং বেসামরিক নাগরিকদের বিষয়ে এ পর্যন্ত ইরাকের সেনাবাহিনী কোনো ভুল করে নি বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা খুব কম মূল্যে মসুল উদ্ধার করতে চাই।”#
পাসর্টুডে/সিরাজুল ইসলাম/১