আলেপ্পোয় কৌশলগত এলাকা সন্ত্রাসীদের হাতছাড়া; এটি সবচেয়ে বড় পরাজয়: অবজারভেটরি
https://parstoday.ir/bn/news/west_asia-i26959-আলেপ্পোয়_কৌশলগত_এলাকা_সন্ত্রাসীদের_হাতছাড়া_এটি_সবচেয়ে_বড়_পরাজয়_অবজারভেটরি
সিরিয়ার আলেপ্পোর কৌশলগত জেলা আস-সাখুরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ার টেলিভিশনের খবরে বলা হয়েছে, আস-সাখুর জেলাটি পুরোপুরি সন্ত্রাসীমুক্ত হয়েছে। এখন মাইন সরানোর কাজ চলছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
নভেম্বর ২৮, ২০১৬ ১৫:৩৫ Asia/Dhaka
  • আলেপ্পোয় মাইন সরাচ্ছে সেনা সদস্যরা
    আলেপ্পোয় মাইন সরাচ্ছে সেনা সদস্যরা

সিরিয়ার আলেপ্পোর কৌশলগত জেলা আস-সাখুরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ার টেলিভিশনের খবরে বলা হয়েছে, আস-সাখুর জেলাটি পুরোপুরি সন্ত্রাসীমুক্ত হয়েছে। এখন মাইন সরানোর কাজ চলছে।

সন্ত্রাসীরা ওই এলাকায় বহু মাইন পেতে রেখে গেছে বলে জানা গেছে। কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও সেনাবাহিনীর এ সাফল্যের সত্যতা স্বীকার করেছে।

অবজারভেটরির পরিচালক রামি আব্দুর রহমান বলেছেন, ২০১২ সালের পর আলেপ্পো শহরে এটি হচ্ছে সন্ত্রাসীদের সবচেয়ে বড় পরাজয়। আলেপ্পোর এক-তৃতীয়াংশ ভূখণ্ড পুনরায় সন্ত্রাসীমুক্ত হয়েছে বলে তিনি জানান।

সিরিয়ার সেনাবাহিনী গত ১৫ নভেম্বর আলেপ্পোয় নতুন করে অভিযান শুরু করে। অভিযানের ১৪তম দিনে সেনাবাহিনী এসব অগ্রগতি অর্জন করেছে।

এর আগে গতকাল সিরীয় সেনাবাহিনী পূর্ব আলেপ্পোর জাবাল বাদরা, বাদিন, ইনযারাত, আল-সাকান, আশ-শাবি, বাস্তান আল-বাশা, আর্‌য আল-হামরা, আল-হালাক ও আইন আল-তাল এলাকা মুক্ত করতে সক্ষম হয়। শনিবার তারা আলেপ্পোর সর্ববৃহৎ জেলা মাসাকান হানানো থেকে সন্ত্রাসীদের পিছু হটতে বাধ্য করে।

গত কয়েক বছর ধরে বিদেশিদের অর্থ ও অস্ত্র সহায়তা নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়া সরকার, সেনাবাহিনী ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮