সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করুন: ইউরোপীয় প্রতিনিধিদলকে আসাদ
-
ইউরোপীয় এবং রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সিরিয়ার জনগণকে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেয়ারও আহ্বান জানান তিনি।
রাজধানী দামেস্কে ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য এবং রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের সদস্যদের একটি যৌথ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় প্রেসিডেন্ট আসাদ এ আহ্বান জানান। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা খবরটি দিয়েছে।
বৈঠকে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, যদি ইউরোপের দেশগুলো সিরিয়ার জনগণকে সহায়তা করতে চায় তাহলে সর্বপ্রথম তাদেরকে সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ এবং সিরিয়ার ওপর থেকে অন্যায় অবরোধ তুলে নিতে হবে। এ দুটি বিষয় সিরিয়ার জনগণের জীবনের মৌলিক বিষয়ের ওপর প্রভাব ফেলেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট ইউরোপীয় প্রতিনিধিদলের প্রতি এ আহ্বানও জানান যে, তারা যেন সিরিয়ার জনগণকে নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকারকে মেনে নেন। এছাড়া, ভুল নীতি অনুসরণের ফলে ইউরোপের দেশগুলোতে সন্ত্রাসী হামলা হচ্ছে বলে স্বীকার করার জন্য প্রেসিডেন্ট বাশার আসাদ পশ্চিমা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সৌদি আরবের ওয়াহাবি মতবাদ উৎখাতের ওপর সিরিয়ার প্রেসিডেন্ট বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সিরিয়ার প্রতি রাশিয়ার সমর্থনের প্রশংসা করে বলেন, রুশ সমর্থনের কারণে শুধু সিরিয়ার নিরাপত্তা রক্ষা হচ্ছে বরং রাশিয়া ও ইউরোপীয়দেরও নিরাপত্তা নিশ্চিত করছে।
বৈঠকে ইউরোপের প্রতিনিধিদলের সদস্যরা জানিয়েছেন, তারা সরেজমিনে সিরিয়ার পরিস্থিতি দেখতে এসেছেন। পাশাপাশি তারা সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সিরিয়ার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আলেপ্পো শহরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক বিজয়ের জন্য ইউরোপীয় কর্মকর্তারা সিরিয়ার জনগণকে অভিনন্দন জানান। সিরিয়ার ভেতরে বিদেশী শক্তির হস্তক্ষেপকেও তারা নাকচ করেছেন।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের বহু দেশ সিরিয়া সংকটে নানাভাবে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিয়ে আসছে। এছাড়া, সিরিয়ার সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা। শুধু তাই নয়, ইউরোপের অনেক দেশ থেকে সন্ত্রাসী গিয়ে সিরিয়ার সরকারি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সিরিয়া, ইরান ও রাশিয়া বার বার এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেয় নি ইউরোপ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯