সিরিয়ায় বিজয়ের জন্য ইরানকে অভিনন্দন জানানো উচিত: বাশার আসাদ
-
আসাদের সঙ্গে বৈঠক করছেন বোরুজের্দি
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ের জন্য ইরানকে অভিনন্দন জানানো উচিত। কারণ ইরানের সহযোগিতায় এ বিজয় অর্জিত হয়েছে।
আজ (বুধবার) ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজের্দির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। সিরিয়ার আহ্বানে সাড়া দিয়ে সামরিক উপদেষ্টা পাঠিয়ে সেখানে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করছে ইরান।
আজকের বৈঠকে ইরানের সফরকারী প্রতিনিধি দলের প্রধান আলাউদ্দিন বোরুজের্দি আলেপ্পো পুনরুদ্ধারের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ইরান ১৯৮০'র দশকে ইরাকের সাদ্দাম সরকারের কাছ থেকে 'খোররামশাহ্র' মুক্ত করার সময় একই পরিস্থিতির মোকাবেলা করেছে।
চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানের খোররামশাহ্র দখল করে নিয়েছিল ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের বাহিনী। এরপর ১৯৮২ সালের এপ্রিলে ইরানের মুজাহিদরা অভিযান চালিয়ে শহরটি দখলদার বাহিনীর কাছ থেকে মুক্ত করতে সক্ষম হয়। খোররামশাহর মুক্ত করার ওই অভিযানের সাংকেতিক নাম দেয়া হয়েছিল 'বায়তুল মোকাদ্দাস'। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫