ইয়েমেনি স্নাইপারদের হামলায় সৌদি আরবের আরো ৮ সেনা নিহত
-
ইয়েমেন সীমান্তে সৌদি সেনাদের টহল (ফাইল ফটো)
ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আনসারুল্লাহ সমর্থিত স্নাইপার সেনাদের গুলিতে সৌদি আরবে আট সেনা ও তাদের অনুগত কয়েকজন সন্ত্রাসী নিহত হয়ছে। সৌদি আরবের জিজান ও আসির প্রদেশে এসব সেনা ও সন্ত্রাসী মারা গেছে।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল (বুধবার) সন্ধ্যায় জিজান প্রদেশের তাবাত আজ-জাবরা এলাকায় ইয়েমেনি স্নাইপারদের গুলিতে মারা গেছে তিন সেনা। ইয়েমেনের সেনারা তাবাত আল-কুমামে এলাকার একটি সেনা ছাউনিতেও হামলা চালায়। এতে সৌদি আরবের এক সেনা মারা যায়।
অন্যদিকে, সৌদি আরবের আসির প্রদেশের আলাব সীমান্তে ইয়েমেনি সেনাদের গুলিতে মারা গেছে চার সেনা। এরপর ইয়েমেনি সেনারা ও তাদের মিত্র বিপ্লবী যোদ্ধারা সৌদি সেনাদের একটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এ হামলায় কতজন হতাহত হয়েছে এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয়।
এদিকে, আজ সকালে ইয়েমেনের সেনারা সৌদি আরবের শা’আব আল-জিন সামরিক ঘাঁটিতে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কয়েকজন সৌদি সেনা ও ভাড়াটে সন্ত্রাসী মারা গেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫