শতাধিক অ্যাকাউন্ট ও পেইজ বন্ধ করল ফেইসবুক; হামাসের তীব্র প্রতিক্রিয়া
-
হিসাম বাদরান
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শতাধিক অ্যাকাউন্ট ও ফ্যান পেইজ বন্ধ করে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে হামাসের মুখপাত্র হিসাম বাদরান বলেছেন, ফেইসবুক কর্তৃপক্ষ হামাসের পক্ষের ৯০টি ফ্যান পেইজ এবং সংগঠনের ৩০টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আঁতাতের কারণেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের সদস্য ইয়াহিয়া আইয়াশের ২২তম শাহাদাৎ দিবসে হামাসের ফেইসবুক অ্যাকাউন্ট ও ফ্যান পেইজ বন্ধ করা হয় বলে তিনি জানান।
গত ৫ জানুয়ারি ছিল ইয়াহিয়া আইয়াশের ২২তম শাহাদাৎ দিবস। ১৯৯৬ সালের ৫ জানুয়ারি আইয়াশের মোবাইল ফোনে বোমা পেতে রেখে সেখানে বিস্ফোরণ ঘটায় ইহুদিবাদী ইসরাইল। এর ফলে শাহাদাৎবরণ করেন তিনি। দিবসটি উপলক্ষে হামাসের ফেইনপেজ ও অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের লেখা ও ছবি প্রকাশ করা হয়েছিল।
এর আগে হামাসের আরেক মুখপাত্র সামি আবু যুহরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে ফেইসবুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয় এবং হত্যাকাণ্ডের জন্য উল্লাস প্রকাশ করে পোস্ট দেয়া হয়। কিন্তু এসব উসকানিমূলক তৎপরতার পরও ওইসব অ্যাকাউন্ট ও ফ্যান পেইজের বিরুদ্ধে কখনোই কোনো পদক্ষেপ নেয়নি ফেইসবুক কর্তৃপক্ষ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮