ইসরাইলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিল সিরিয়ার সশস্ত্র বাহিনী
-
ইসরাইলি জঙ্গি বিমান
সিরিয়ার সামরিক বিমান ঘাঁটিতে ইসরাইলি হামলার জবাব দেয়া হবে বলে ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড। আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় গতরাতের আগ্রাসনের জবাব পাবে দখলদার ইসরাইল এবং হামলার মাধ্যমে সিরিয়াকে সন্ত্রাসবিরোধী অভিযান থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। সিরিয়ায় সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে ঘোষণা করো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ায় সন্ত্রাসীদের পতন দেখে হতাশ হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল এবং এ কারণে এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়েছে তারা। এ ধরনের হামলার মাধ্যমে সন্ত্রাসীদের পতন ঠেকানো যাবে না বলেও তারা জানিয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাজ্জেহ সামরিক বিমানবন্দরে গতরাতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইহুদিবাদী জঙ্গিবিমানগুলো ওই বিমান ঘাঁটির একটি অস্ত্রাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর সেখানে আটটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে গত মাসে একই বিমান ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলের ভেতর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেল আবিব। সিরিয়ার সেনাবাহিনী ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিল, সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন জানাতে ইহুদিবাদী সরকার এ হামলা চালিয়েছে।
সিরিয়ার মাজ্জেহ বিমান ঘাঁটিতে দেশটির বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সদর দপ্তর অবস্থিত।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩