আস্তানা শান্তি আলোচনায় যোগ দিচ্ছে সিরিয়ার প্রধান বিরোধী দল
-
জেনেভা বৈঠকে যোগদানকারী এইচএনসি\'র প্রতিনিধিদল (ফাইল ছবি)
সিরিয়ার প্রধান বিরোধী দল ‘দ্যা হাই নেগোশিয়েশন্স কমিটি’ বা এইএচএনসি কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় আসন্ন শান্তি আলোচনায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ও তুরস্কের উদ্যোগে এ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এইচএনসি শনিবার এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এটি চায় সিরিয়ায় তৎপর সব জঙ্গি গোষ্ঠী আস্তানা বৈঠকে অংশগ্রহণ করুক। আগামী ২৩ জানুয়ারি এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে দু’দিনব্যাপী এক বৈঠকের পর এইচএনসি’র বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আস্তানা বৈঠকে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে নতুন করে আস্থার পরিবেশ তৈরি করবে বলে এটি মনে করে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের বহু দেশ এইচএনসি’কে সমর্থন করে। এর আগে এই সংগঠন জেনেভায় সিরিয়ার সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিল। এটি শনিবারের বিবৃতিতে বলেছে, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনা আবার শুরু করার পরিবেশ তৈরি করবে আস্তানা বৈঠক। কাজেই এ বৈঠককে ‘ফলপ্রসূ’ করতে এইএচএনসি ‘সবরকম চেষ্টা’ চালাবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
অবশ্য এইচএনসি’কে আস্তানা বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা জানা যায়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫