টানেল বোমা হামলায় সিরিয়ার জেনারেল নিহত
-
সিরিয়ায় গাড়ি বোমা হামলা (ফাইল ছবি)
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এক বোমা হামলায় দেশটির একজন জেনারেল ও আট সৈন্য নিহত হয়েছে। দামেস্কের উত্তর-পূর্বে অবস্থিত হারাস্তা শহরে রাস্তার নীচে টানেলের মধ্যে পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে ওই নয় সরকারি সৈন্য নিহত হয়।
লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। সংস্থার পরিচালক রামি আব্দের রহমান জানিয়েছেন, “বিস্ফোরণে জেনারেল পদমর্যাদার একজন সেনা কর্মকর্তা এবং আট সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় অপর বেশ কয়েকজন আহত হয়েছে।”
তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং বিস্ফোরণের পর থেকে ১৫ জন নিখোঁজ রয়েছেন।
সিরিয়ায় গত প্রায় ছয় বছর ধরে বিদেশি মদদে সহিংসতা চলছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা গত আগস্টে জানিয়েছিলেন, সিরিয়া সংকটে এ পর্যন্ত অন্তত চার লাখ মানুষ নিহত হয়েছে। এরপর থেকে সিরিয়ার সহিংসতায় নিহতদের সংখ্যা প্রকাশ করা বন্ধ রেখেছে জাতিংঘ। সংস্থাটি বলেছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া নিহতদের সংখ্যা স্বতন্ত্র সূত্র থেকে যাচাই করা যায় না বলে এ কাজ তারা স্থগিত রেখেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮