ঐক্য সরকার গঠনে একমত হামাস-ফাতাহ
-
মস্কোয় হামাস ও ফাতাহর আলোচনা
ফিলিস্তিনের দুই প্রধান সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফাতাহ জাতীয় ঐক্যের সরকার গঠনে একমত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোয় দু পক্ষের দীর্ঘ আলোচনার পর এ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
গতকাল (মঙ্গলবার) শেষ বেলায় সরকার গঠনের বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে। তার আগে মস্কোয় তিন দিন ধরে হামাস ও ফাতাহর মধ্যে আলোচনা হয়। এ আলোচনায় গাজার আরেকটি উল্লেখযোগ্য সংগঠন ইসলামি জিহাদ আন্দোলনও অংশ নেয়। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার জন্য আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ নিয়ে গঠিত চতুষ্টয়ের অংশ হচ্ছে রাশিয়া। দেশটি এখন এ অঞ্চলের দ্বন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে।
মস্কো আলোচনা শেষে ফাতাহ আন্দোলনের নেতা আজ্জাম আল-আহমাদ এক সংবাদ সম্মেলনে বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আমরা ঐকমত্যে পৌঁছেছি এবং আমরা মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের জন্য পরামর্শ করব। মাহমুদ আব্বাস হচ্ছেন ফাতাহ আন্দোলনের প্রধান এবং তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট।
বৈঠক সম্পর্কে হামাস নেতা মুসা আবু মারজুক ঐকমত্যের সরকারকে ফিলিস্তিনের ভেদাভেদ বন্ধের জন্য কার্যকর হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ফিলিস্তিনি সংকটের অবসান এবং পশ্চিমতীর ও গাজা উপত্যকায় অবাধ- গণতান্ত্রিক নির্বাচন দেয়া হবে দায়িত্বশীলতার পরিচয়; তাতে কেউ হারবে না বরং সবাই জিতবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮