আস্তানা চুক্তি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান এনে দেবে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i31793-আস্তানা_চুক্তি_সিরিয়া_সংকটের_রাজনৈতিক_সমাধান_এনে_দেবে_তুরস্ক
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি বলবৎ রাখার জন্য সম্প্রতি ইরান ও রাশিয়ার সঙ্গে তার দেশ যে ত্রিপক্ষীয় চুক্তি করেছে তা চলমান সংকট সমাধানে সহায়তা করবে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সম্প্রতি সিরিয়া বিষয়ক দু’দিনব্যাপী বৈঠক শেষে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৭ ০৬:০৯ Asia/Dhaka
  • তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম
    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি বলবৎ রাখার জন্য সম্প্রতি ইরান ও রাশিয়ার সঙ্গে তার দেশ যে ত্রিপক্ষীয় চুক্তি করেছে তা চলমান সংকট সমাধানে সহায়তা করবে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সম্প্রতি সিরিয়া বিষয়ক দু’দিনব্যাপী বৈঠক শেষে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।

ইলদিরিম এ চুক্তিকে ‘তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য’ বলে উল্লেখ করেন। চুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য না জানিয়ে এবং এটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে কোনো ইঙ্গিত না করে তিনি বলেন, “কাজ শুরু হয়ে গেছে।”

তুর্কি প্রধানমন্ত্রী বলেন, আস্তানা চুক্তির ফলে সিরিয়ায় সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে মুখোমুখি আলোচনার সুযোগ তৈরি হয়েছে। এখন সিরিয়ার পক্ষগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী ৮ ফেব্রুয়ারি জেনেভায় আবার বৈঠকে বসবে বলে তিনি জানান।

দু’দিন ব্যাপী আস্তানা বৈঠক শেষে মঙ্গলবার শেষ বেলায় ইরান, তুরস্ক ও রাশিয়া ত্রিপক্ষীয় চুক্তি হওয়ার কথা ঘোষণা করে। দেশ তিনটি জানায়, সিরিয়ার সরকার ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা দেশটিতে চলমান যুদ্ধবিরতি ও এর শর্তগুলো মেনে চলতে সম্মত হয়েছে।  

২০১৬ সালের ডিসেম্বরে তেহরান, মস্কো ও আঙ্কারার মধ্যস্থতায় ওই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল। সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহী ও সন্ত্রাসীদের কাছ থেকে কৌশলগত আলেপ্পো নগরী পুনরুদ্ধার করার পর ওই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬