নয়া ইসরাইলি বসতি আইন ‘রেড লাইন’ লঙ্ঘন করেছে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i32583-নয়া_ইসরাইলি_বসতি_আইন_রেড_লাইন’_লঙ্ঘন_করেছে_জাতিসংঘ
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকে বৈধতা দিয়ে ইসরাইলি পার্লামেন্টে পাস হওয়া আইনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘ বলেছে, এই আইন পাস করে ইসরাইল সরকার ‘মোটা লাল দাগ’ অতিক্রম করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ০৭:২৫ Asia/Dhaka
  • নিকোলাই ম্লাদেনভ
    নিকোলাই ম্লাদেনভ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকে বৈধতা দিয়ে ইসরাইলি পার্লামেন্টে পাস হওয়া আইনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘ বলেছে, এই আইন পাস করে ইসরাইল সরকার ‘মোটা লাল দাগ’ অতিক্রম করেছে।

কথিত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী নিকোলাই ম্লাদেনভ বলেছেন, এই আইন একটি ‘মারাত্মক বিপদজনক উদাহরণ’ হয়ে থাকবে। তিনি বলেন, এই প্রথম ইসরাইলি পার্লামেন্ট ফিলিস্তিনি ভূখণ্ড দখলকে আইনি বৈধতা দিল। এর মাধ্যমে তারা একটি মোটা রেড লাইন অতিক্রম করেছে।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করে একটি প্রস্তাব পাস করে। এ ধরনের প্রস্তাব মানতে বিশ্বের দেশগুলো বাধ্য।

ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত হচ্ছে অবৈধ ইহুদি বসতি

কিন্তু তা লঙ্ঘন করে ইসরাইলি পার্লামেন্ট নেসেট সোমবার একটি বিল পাস করে যাতে ফিলিস্তিনি মুসলমানদের জমি অধিগ্রহণকে বৈধতা দেয়া হয়। এর মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্মিত ৩,৮০০ অবৈধ ইহুদি বসতি কথিত বৈধতা পাবে।  এ আইনের বলে ফিলিস্তিনিরা তাদের জমি দিতে না চাইলে জোর করে তাদের ভূমি অধিগ্রহণ করা হবে। অবশ্য এর পরিবর্তে তাদেরকে ‘ক্ষতিপূরণ’ দেয়ার কথা বলা হয়েছে।

ম্লাদেনভ এ আইনের প্রতিক্রিয়ায় আরো বলেন, এই আইন ইসরাইলের পক্ষ থেকে গোটা পশ্চিম তীর দখলের পথ সুগম করবে। এর ফলে ফিলিস্তিন সংকটের ‘দুই রাষ্ট্র-ভিত্তিক’ সমাধান বাধাগ্রস্ত হবে। জাতিসংঘের এ কর্মকর্তা ইসরাইলি এ আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮