রুশ বিমান হামলায় তুরস্কের ৩ সেনা নিহত: পুতিনের দুঃখ প্রকাশ
-
রুশ বিমান থেকে বোমা বর্ষণ (ফাইল ফটো)
সিরিয়ার আল-বাব শহরে আজ (বৃহস্পতিবার) রাশিয়ার বিমান হামলায় তুরস্কের তিন সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে। দুর্ঘটনাক্রমে একটি ভবনে হামলা চালানো হলে হতাহতের এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আঙ্কারার বিবৃতির বরাত দিয়ে তুর্কি দৈনিক হুররিয়াত জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটেছে। রুশ জঙ্গিবিমানগুলো আল-বাব শহরের একটি ভবনে হামলা করে। ভবনটিতে তুর্কি সেনারা ছিল বলে জানানো হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছন, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেন পুতিন। পেসকভ আরো বলেন, বিমান হামলা চলাকালে সমন্বয়হীনতার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেছেন।
এছাড়া, রুশ জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমোভও তুর্কি চিফ অব স্টাফ হুলুসি আকারের কাছে ফোন করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
গেরাসিমোভ এক বিবৃতিতে বলেছেন, রুশ যুদ্ধবিমানগুলো আল-বাব এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। তুর্কি জেনারেল স্টাফ বলেছে, এ বিমান হামলা নিয়ে যৌথ তদন্ত চালাতে সম্মত হয়েছে মস্কো এবং আঙ্কারা।#
পার্সটুডে/মূসা রেজা/৯