রাসায়নিক অস্ত্র ব্যবহারের খবর অগ্রহণযোগ্য: সিরিয়া
-
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো মুক্ত করার অভিযানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ যে প্রতিবেদন প্রকাশ করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, সন্ত্রাসীদের কাছ থেকে পাওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে এই ‘অগ্রহণযোগ্য’ প্রতিবেদন তৈরি করেছে এইচআরডাব্লিউ।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীদের মিডিয়া সূত্র থেকে পাওয়া তথ্য এবং অনির্ভরযোগ্য মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই।
এইচআরডাব্লিউ সোমবার এক প্রতিবেদনে অভিযোগ করেছিল, গত বছরের ১৭ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সিরিয়ার সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে আলেপ্পোর আবাসিক এলাকাগুলোতে অন্তত আট দফা ক্লোরিন বোমা নিক্ষেপ করা হয়েছে। এসব হামলায় অন্তত নয় বেসামরিক ব্যক্তি নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এইচআরডাব্লিউ’র প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’, ‘অপেশাদার’ এবং ‘অবৈজ্ঞানিক’ হিসেবে তুলে ধরে বলা হয়েছে, বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। সন্ত্রাসীরা আলেপ্পো হাতছাড়া হয়ে যাওয়ার বেদনা ভুলতে না পেরে যে বানোয়াট গল্প তৈরি করেছে তার ভিত্তিতে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন তৈরি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে সিরিয়া ওই চুক্তির প্রতিটি ধারা মেনে চলছে এবং দামেস্কের দৃষ্টিতে এই অস্ত্র ব্যবহার নিন্দনীয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬