ফিলিস্তিনি কর্মকর্তাকে বিমানবন্দর থেকে ফেরত দিল মিশর
https://parstoday.ir/bn/news/west_asia-i33730-ফিলিস্তিনি_কর্মকর্তাকে_বিমানবন্দর_থেকে_ফেরত_দিল_মিশর
মিশর সরকার একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। ওই ফিলিস্তিনি কর্মকর্তা মিশরের শারম উশ-শেইখ শহরে অনুষ্ঠেয় সন্ত্রাস-বিরোধী একটি সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছিলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০১, ২০১৭ ০২:৪৯ Asia/Dhaka
  • জিব্রিল রাজুব
    জিব্রিল রাজুব

মিশর সরকার একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। ওই ফিলিস্তিনি কর্মকর্তা মিশরের শারম উশ-শেইখ শহরে অনুষ্ঠেয় সন্ত্রাস-বিরোধী একটি সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছিলেন।

তাকে প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে তার সঙ্গে থাকা প্রতিনিধিদল মিশরে প্রবেশ করেনি।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির কেন্দ্রীয় নেতা জিব্রিল রাজুব মঙ্গলবার জানিয়েছেন, মিশরের নিরাপত্তা বাহিনী তাকে দেশটিতে ঢুকতে দেয়নি এবং তাদের এ সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন।

রাজুব বর্তমানে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।  তার মিশর গমন উপলক্ষে দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী খালেদ আব্দুল আজিজ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে গিয়েছিলেন।

কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা রাজুবকে জানান, মিশরের নিরাপত্তা বাহিনীর একজন পদস্থ কর্মকর্তার নির্দেশে তাকে বিমানবন্দর থেকে বের হতে দেয়া হবে না। এ সময় জিব্রিল রাজুবের সঙ্গে থাকা ফিলিস্তিনি বিচারমন্ত্রী আলী আবু দিয়াক এই ঘটনার প্রতিবাদে সম্মেলনে অংশগ্রহণ না করে রাজুবের সঙ্গে ফিলিস্তিনে ফিরে গেছেন।

ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দানকারী দু’টি আরব দেশের একটি হচ্ছে মিশর। গত কয়েক দশক ধরে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের কথিত শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে কায়রো। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১