সিরিয়ায় রাসায়নিক হামলা: ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানালেন পুতিন
https://parstoday.ir/bn/news/west_asia-i35766-সিরিয়ায়_রাসায়নিক_হামলা_ভিত্তিহীন_অভিযোগের_নিন্দা_জানালেন_পুতিন
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সাম্প্রতিক রাসায়নিক হামলার ব্যাপারে ‘ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য’ অভিযোগের নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ওই হামলার ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৭, ২০১৭ ০০:৩৬ Asia/Dhaka
  • সিরিয়ায় রাসায়নিক হামলা: ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানালেন পুতিন

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সাম্প্রতিক রাসায়নিক হামলার ব্যাপারে ‘ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য’ অভিযোগের নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ওই হামলার ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান তিনি।  টেলিফোন সংলাপের পর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, এ সময় দু’পক্ষ গত ৪ এপ্রিলের রাসায়নিক হামলার ব্যাপারে মতবিনিময় করেছেন। পুতিন বলেন, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া যে কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়।

এর আগে বৃহস্পতিবারই ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান হিব্রু-ভাষার দৈনিক ইয়াদিওথ আহরোনোথকে বলেন, সিরিয়ার ইদলিব প্রদেশের রাসায়নিক হামলায় যে বাশার আসাদ সরকার জড়িত সে বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত। ইসরাইলি যুদ্ধমন্ত্রীর এই বক্তব্যের পরই নেতানিয়াহুকে ফোন করেন পুতিন।

মঙ্গলবার ইদলিব প্রদেশের খান শাইখুন শহরে সন্দেহভাজন রাসায়নিক হামলায় অন্তত ৮০ ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে ২৭ শিশু ছিল বলে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে। আমেরিকা ও তার মিত্ররা এ হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করেছে। তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বৃহস্পতিবার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার আবাসিক এলাকায় রাসায়নিক অস্ত্রের মজুদ গড়ে তুলছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭