সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ চরম মিথ্যাচার: আসাদ
সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুনে চালানো সন্দেহজনক রাসায়নিক হামলার কেবলমাত্র নিরপেক্ষ তদন্তের অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
আজ (বৃহস্পতিবার) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আসাদ জোর দিয়ে বলেছেন, হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বৈধতা দিতে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত শহরে রাসায়নিক হামলা চালানোর যে অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে তা 'মিথ্যাচার' ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, 'আমরা শতভাগ নিশ্চিত যে, এটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমরা মনে করি, পশ্চিমা শক্তি বিশেষ করে আমেরিকার সঙ্গে সন্ত্রাসীদের দহরম-মহরম রয়েছে।' তিনি আরো বলেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে হামলা চালানোর অজুহাত বের করতেই এই বানোয়াট গল্প সাজানো হয়েছে।
মঙ্গলবার ইদলিব প্রদেশের খান শাইখুন শহরে সন্দেহভাজন রাসায়নিক হামলায় অন্তত ৮০ ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে ২৭ শিশু ছিল বলে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে। আমেরিকা ও তার মিত্ররা এ হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করেছে।
সাক্ষাৎকারে আসাদ বলেন, তার সরকার ২০১৩ সালে সব রাসায়নিক অস্ত্রের মজুদ বাইরে হস্তান্তর করেছে। ফলে খান শেইখুনে হামলার জন্য দামেস্কে দায়ী করার পেছনে কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, এ ধরনের হামলার জন্য কোনো নির্দেশনা দেয়া হয় নি। কয়েক বছর আগেই আমরা এসব মারণাস্ত্র পরিত্যাগ করেছি। আমাদের কাছে এগুলো থাকলেও তা ব্যবহার করতাম না বলেও জোর দিয়ে বলেন আসাদ।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩