মাজেন ফুকাহার হত্যাকারীকে আটক করেছে হামাস
-
শহীদ কমান্ডার মাজেন ফুকাহা
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মাজেন ফুকাহার হত্যাকারীকে আটক করেছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন নেতা ইসমাইল হানিয়া আজ(বৃহস্পতিবার) এ ঘোষণা দিয়েছেন।
চলতি বছরের গোড়ার দিকে মাজেন ফুকহাকে হত্যা করা হয়েছিল। হানিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, আইনের ভিত্তিতে হত্যাকারীর ন্যায় এবং যথোপযুক্ত শাস্তি দেয়া হবে। মাজেন ফুকাহাসহ ফিলিস্তিনি সব শহীদ এবং ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক সব ফিলিস্তিনি বন্দির প্রতি যথাযথ সম্মান দেখানোর ভিত্তিতে এ বিচার করা হবে বলে জানান তিনি।
হামাস প্রধান বলেন, মাজেন ফুকাহার হত্যাকাণ্ডের পেছনে ইহুদিবাদী ইসরাইল রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ সম্মেলন করবে। এতে হামাস কমান্ডারের হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
২৪ মার্চ গাজা নগরীর তাল আল-হাওয়ায় অবস্থিত ফুকাহার বাসভবনে ঢুকে আততায়ীরা তাকে গুলি করেছিল। তার মাথায় চার দফা গুলি করে আততায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১১