কমান্ডার ফুকাহা হত্যার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস
-
মৃত্যুদণ্ড কার্যকর করার পর তিন ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে; বৃহস্পতিবারের ছবি
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় একজন কমান্ডারকে হত্যার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মার্চ মাসে গাজায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন হামাসের সামরিক কমান্ডার মাজেন ফুকাহা।
ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে এবং একজনকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে রোববার গাজার আদালতে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, দেশদ্রোহিতা এবং বিদেশি শত্রুর সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে ফুকাহা হত্যাকাণ্ডের মূল আসামী আশরাফ আবু লায়লার মৃত্যুদণ্ড চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। এ ছাড়া, ইহুদিবাদী ইসরাইলকে সহযোগিতা করার অপরাধে অপর দুই আসামী হিশাম আল-আলাউল এবং আব্দাল্লাহ আন-নাশারকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
আলাউলের বিরুদ্ধে দেশদ্রোহিতা ও ষড়যন্ত্রের পাশাপাশি ফুকাহা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্যদিকে নাশার দেশদ্রোহিতা, ষড়যন্ত্র এবং ফুকাহার গতিবিধি সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলকে তথ্য সরবরাহের দায়ে অভিযুক্ত হয়েছেন।
এর আগে গাজার বিচার বিভাগীয় সূত্রগুলো জানিয়েছিল, আদালতের রোববারের রায়ই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আর আপিল করা যাবে না।
গত ২৪ মার্চ গাজা শহরের তাল আল-হাওয়া এলাকার একটি বাড়িতে ঢোকার পথে কমান্ডার ফুকাহার মাথায় চার রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। তিনি ঘটনাস্থলেই নিহত হন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬