সৌদির সঙ্গে উত্তেজনার মাঝে কুয়েত সফর করলেন কাতারের আমির
-
কাতারের আমিরের (বামে) সঙ্গে কুয়েতের আমিরের বৈঠক
সৌদি আরবসহ আঞ্চলিক কয়েকটি আরব দেশের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যে কুয়েত সফর করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি। গতকাল তিনি কুয়েত সিটিতে পৌঁছালে রাজপ্রাসাদে তাকে অভ্যর্থনা জানান কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আস-সাবাহ।
দুই আমিরের মধ্যকার বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোসহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা জানিয়েছে। এর মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা স্থান পেয়েছে বলে জানায় কুনা। বৈঠকে উপস্থিত ছিলেন কুয়েতের স্পিকার মারজুক আলী আল-গানিম ও প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-আহমাদ আস-সাবাহসহ দেশের শীর্ষ পর্যায়ের বহু মন্ত্রী ও কর্মকর্তা।
সম্প্রতি সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর এবং রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামি-আমেরিকান সম্মেলন নিয়ে সৌদি আরবের সঙ্গে কাতারের সম্পর্কে উত্তেজনা দেখো দেয়। এর মাঝে কাতারের আমির কুয়েত সফর করলেন। বিষয়টিকে অনেকে আঞ্চলিক মেরুকরণের ইঙ্গিত বলে মনে করছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১