সংকট নিরসনে কুয়েতি আমির গেছেন কাতার ও আমিরাতে
-
কুয়েতের আমির (বামে) ও কাতারের আমির
কাতারের সঙ্গে সৌদি আরবের চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আস-সাবাহ ‘ঝড়োগতির কূটনৈতিক’ উদ্যোগ শুরু করেছেন। এর অংশ হিসেবে সর্বশেষ তিনি কাতার সফর করেছেন। এর আগে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন।
গতকল (বুধবার) দোহায় পৌঁছে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠক করেন কুয়েতের আমির। তবে তাদের মধ্যকার আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয় নি।
এর আগে, গতকালই কুয়েতের আমির সৌদি আরব যান এবং রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে জেদ্দায় বৈঠক করেন। এছাড়া, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গেও চলমান পরিস্থিতি ও সংকট নিরসনের উপায় নিয়ে টেলিফোনে আলাপ করেন।
এদিকে, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে সৌদি আরব। সৌদি সরকার হুমকি দিয়ে বলেছে, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ব্যর্থ হলে তিউনিশিয়াকে অর্থ সহায়তা দেয়া বন্ধ করে দেবে রিয়াদ।
ফিলিস্তিনির হামাস ও মিশরের ইখওয়ানুল মুসলিমিনকে সমর্থন দেয়ার অভিযোগ তুলে গত সোমবার সৌদি আরব কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ওই দিনই দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। পরে সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ, জর্দান, লিবিয়া ও মরিশাস।
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮