সম্পর্ক ছিন্নকারী দেশগুলোই সংবাদ সংস্থা হ্যাকিংয়ে জড়িত: কাতার
কাতার বলেছে, সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করার সঙ্গে সম্পর্ক ছিন্নকারী দেশগুলো জড়িত। দোহার হাতে এসব দেশের যোগসাজশের প্রমাণ রয়েছে।
রাজধানী দোহায় কাতারের অ্যাটর্নি জেনারেল আলি বিন ফেতাইস আল-মাররি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, কাতারের বিরুদ্ধে অবরোধে জড়িত কোনো কোনো দেশের আইফোন হ্যাক করার কাজে ব্যবহার করা হয়েছে।
সাইবার হামলায় জড়িত দেশগুলোর নাম প্রকাশের সময় এখনো আসে নি বলে উল্লেখ করেন তিনি। অবশ্য, হ্যাক করার সঙ্গে ব্যক্তি নাকি সরকার জড়িত সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।
গত মাসে কাতারের সংবাদ সংস্থা বা কিউএনএ’র এক খবরে বলা হয়েছিল, দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ইরানকে ‘ইসলামি শক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের প্রশংসা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন।
এ ঘটনার পর কাতার বলেছিল, কিউএনএ’র ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং ভুয়া খবর প্রকাশ করা হয়েছে। কিন্তু কাতারের এ বক্তব্যকে মেনে নেয়নি রিয়াদ এবং তার পারস্য উপসাগরীয় মিত্ররা।
গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সব সম্পর্ক ছিন্ন করে।#
পার্সটুডে/মূসা রেজা/২১