‘বিশ্বে সবচেয়ে মারাত্মক আকারে কলেরা দেখা দিয়েছে ইয়েমেনে’
বিশ্বে সবচেয়ে মারাত্মক আকারে কলেরা রোগের প্রকোপ দেখা দিয়েছে ইয়েমেনে। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’র এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, প্রতিদিন দেশটিতে পাঁচ হাজার ব্যক্তি কলেরায় আক্রান্ত হচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া, কলেরায় এ পর্যন্ত ১৩০০ ব্যক্তি মারা গেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মাত্র দুই মাসে যুদ্ধ বিধ্বস্ত দেশটির প্রায় সব প্রদেশেই কলেরার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত দেশটিতে দুই লাখ সন্দেহভাজন কলেরা রোগীকে নিবন্ধন করা হয়েছে। কলেরায় দেশটিতে ১৩০০ রোগী মারা গেছেন এবং এর মধ্যে এক চতুর্থাংশই শিশু বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দেশটির প্রায় এক কোটি ৪৫ লাখ মানুষ নিয়মিত সুপেয় পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। এতে কলেরার প্রকোপ আরো বেড়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশটির ৩০ হাজার স্বাস্থ্য কর্মী গত ১০ মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। এসব স্বাস্থ্য কর্মী কলেরা প্রকোপ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে যৌথ বিবৃতিতে অবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধের আহ্বান জানানো হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৫