মিশর সীমান্তে বাফার জোন তৈরি করছে হামাস
মিশর সীমান্তে ১২ কিলোমিটার দীর্ঘ বাফার জোন প্রতিষ্ঠার কাজ শুরু করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এর মাধ্যমে মিশরের সঙ্গে অচলাবস্থার নিরসন ও ভালো সম্পর্ক প্রতিষ্ঠা হবে বলে আশা করছে সংগঠনটি।
গাজা উপত্যকার উপ স্বরাষ্ট্রমন্ত্রী তাওফিক নাঈম জানান, ১২ কিলোমিটার দীর্ঘ এ বাফার জোন নির্মাণের কারণ হচ্ছে মিশর সীমান্তে নিরাপত্তা জোরদার করা। কায়রো সরকারের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে এটা করা হচ্ছে, তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানান নি।
বাফার জোন ১০০ মিটার চওড়া হবে জানিয়ে হামাসের এ কর্মকর্তা বলেন, আশা করা যায় এ প্রকল্প বাস্তবায়ন হলে দীর্ঘদিন ধরে গাজার ওপর অবরোধ অনেকটা শিথিল হবে।
গাজা উপত্যকায় ২০ লাখ মানুষ ইহুদিবাদী ইসরাইলের নির্মম অবরোধের শিকার এবং এখন বলা হচ্ছে- গাজা হলো বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। ২০১০ সাল থেকে গাজা উপত্যকার ওপর ইসরাইলি অবরোধ রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯