দায়েশের মিথ্যা খেলাফতের অবসান হয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের মিথ্যা খেলাফতের অবসান হয়েছে। ইরাকি সেনারা মসুল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক আন-নূরি মসজিদ পনরুদ্ধারের পর তিনি এ মন্তব্য করলেন।
গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এবাদি বলেন, “জনগণের কাছে আন-নূরি মসজিদ ও আল-হাদবা মিনার ফিরে আসার মাধ্যমে দায়েশের মিথ্যা খেলাফতের পতন হয়েছে।” হায়দার আল-এবাদি বলেন, দায়েশের শেষ সন্ত্রাসী থাকা পর্যন্ত ইরাকি সেনারা তাদেরকে খুঁজবে এবং হত্যা কিংবা আটক করবে।”
গতকাল ইরাকের সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মসুল শহরের আন-নূরি মসজিদ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল বলেন, “তাদের কল্পিত রাষ্ট্রের পতন হয়েছে।” ২০১৪ সাল থেকে মসজিদটি দায়েশের নিয়ন্ত্রণে ছিল এবং সেখান থেকেই তারা কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০