মসুলের পর এবার তালআফার অবরোধ করেছে ইরাকের সেনাবাহিনী
ইরাকের সেনাবাহিনী ও জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি দায়েশের নিয়ন্ত্রণে থাকা তালআফার শহর অবরোধ করেছে। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান ঘাঁটি মসুল পুনরুদ্ধারের পর এবার ‘তালআফার’ মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে বাগদাদ।
সে পরিকল্পনার অংশ হিসেবে শহরটিকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে সেনাবাহিনী। ইরাকের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসূল বলেছেন, উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের তালআফার শহর অবরোধ করে সিরিয়া থেকে স্থলপথে দায়েশের জন্য রসদ সরবরাহের পথ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, তালআফার মুক্ত করার অভিযানে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। মসুল মুক্ত করার পর এখনো ইরাকের তিনটি ছোট শহর দায়েশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। এগুলো হচ্ছে, মসুল থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তালআফার, কিরকুক শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হুয়াইজা এবং সিরিয়ার সীমান্তবর্তী শহর কায়েম।
ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, মসুল মুক্ত করার অভিযানে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা দিয়ে অচিরেই এসব ছোট শহর পুনরুদ্ধার করা সম্ভব হবে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১