তাল আফারে অভিযান আসন্ন: সরিয়ে নেয়া হচ্ছে বেসামরিক নাগরিক
ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের তাল আফার শহর ও এর আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নিয়ন্ত্রণে থাকা শহরটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানের আগে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
দায়েশের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনরুদ্ধার করা হলেও এখনো ছোট ছোট কয়েকটি শহর এই জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
ইরাকের সেনা কমান্ডাররা জানিয়েছেন, গত তিনদিনে তাল আফার শহর থেকে প্রায় ১,৫০০ বেসামরিক ব্যক্তিকে সরিয়ে নেয়া হয়েছে। এসব মানুষকে মসুল শহরের কাছে স্থাপিত শরণার্থী শিবিরে রাখা হয়েছে।
এর আগে গত সপ্তাহে মসুল মুক্ত করার অভিযানে নিয়োজিত সেনা সদস্যদের ওই শহর থেকে তাল আফারে পাঠানো হয়। বর্তমানে তাল আফার শহরটি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে জনপ্রিয় গণবাহিনী হাশ্দ আশ-শাবি।
গত ২৬ জুলাই ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ঘোষণা করেছিলেন, তার দেশের সেনাবাহিনী যে প্রত্যয় নিয়ে মসুল পুনরুদ্ধার করেছে সেই একই সংকল্প নিয়ে অচিরেই তাল আফার শহর থেকে দায়েশকে হটিয়ে দেবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩