হাভিজা শহর মুক্তির অভিযান শুরু করল ইরাকি বাহিনী
-
ইরাকি বাহিনীর অভিযান
ইরাকের সামরিক বাহিনী তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের হাভিজা শহর মুক্তির অভিযান শুরু করেছে। বলা হচ্ছে- এ শহরটি এখন ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শেষ বড় ঘাঁটি।
আজ (বৃহস্পতিবার) সকালে এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, "নতুন একটি দিনের সকালে আমরা ঘোষণা করছি যে, ইরাকের সমস্ত ভূখণ্ড মুক্ত ও দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলের বিষয়ে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী হাভিজা শহর মুক্ত করার জন্য আমরা প্রথম পর্যায়ের অভিযান শুরু করেছি।"
তিনি বলেন, আল্লাহর রহমতে এটা হবে ইরাকি জনগণের জন্য নতুন বিজয়। এ বিজয়ে যারা ভূমিকা রাখছে এবং এর আগে বিভিন্ন শহর মুক্ত করার ক্ষেত্রে লড়াই করেছে সেইসব বাহিনীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
এদিকে, অভিযান শুরুর পর দিনের প্রথম ভাগেই অপারেশন জোনের সাতটি এলাকা মুক্ত করা হয়েছে। এ অভিযানে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি অংশ নিচ্ছে। হাভিজা শহর মুক্তির অভিযানে ৮৫ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হতে পারে বলে জাতিসংঘ পূর্বাভাস দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/ ২১