'কুর্দিস্তানের গণভোট তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি'
-
তুরস্কের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠক
তুরস্কের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ বলেছে, ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতার জন্য সম্ভাব্য গণভোট তুর্কি জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। গতকাল (শুক্রবার) প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সভাপতিত্বে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরাকের কুর্দিস্তানের আসন্ন গণভোট নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে এক বিবৃতিতে তুর্কি নিরাপত্তা পরিষদ বলেছে- ইরাক, তুরস্ক ও জাতিসংঘের হুঁশিয়ারি সত্ত্বেও কুর্দি নেতাদের গণভোটের বিষয়ে অনড় অবস্থান গ্রহণ এ অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আবারো পরিষ্কার করা হয়েছে যে, এ গণভোট অবৈধ। বৈঠকে জোর দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য এই গণভোট তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং মারাত্মক ভুল যা ইরাকের রাজনৈতিক ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা এবং শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও হুমকি। ইরাকের কুর্দিস্তানে সেনা পাঠানোর ইঙ্গিত দেয়া হয়েছে তুর্কি নিরাপত্তার পরিষদের এ বিবৃতিতে।
আংকারা সরকার আশংকা করছে, ইরাকের কুর্দিস্তানের গণভোটের কারণে তুরস্কের কুর্দি পিকেকে গেরিলারা বিচ্ছিন্নতার জন্য উৎসাহী হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি কুর্দি জনগোষ্ঠীর বসবাস রয়েছে তুরস্কে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩