ইরাক ছাড়ার প্রস্তুতি নিন: মার্কিন সেনাদেরকে হাশ্দ আশ-শাবি
-
হাশ্দ আশ-শাবির শীর্ষ পর্যায়ের কমান্ডার কাইস আল-খাজালি
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবির শীর্ষ পর্যায়ের কমান্ডার কাইস আল-খাজালি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূলের পরপরই মার্কিন সেনাদেরকে অবশ্যই ইরাক ছাড়তে হবে।
তিনি বলেছেন, “মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী আপনার সেনাদেরকে এখন অবশ্যই আমাদের মাতৃভূমি ছাড়ার জন্য প্রস্তুত করতে হবে যাতে দায়েশ নির্মূল হওয়ার পর কোনোরকম দেরি না করে তারা ইরাক ছাড়তে পারে।”
খাজালি আজ (মঙ্গলবার) নিজের টুইটার পেইজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে উদ্দেশ করে এসব কথা বলেছেন।
কাইস আল-খাজালি হচ্ছেন হাশ্দ আশ-শাবির অন্যতম শরিক সংগঠন লীগ অব রাইচাসের মহাসচিব। হাশ্দ আশ-শাবি হচ্ছে প্রধানত শিয়া যোদ্ধাদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী বাহিনী যাতে ৪০টি সংগঠনের যোদ্ধা রয়েছেন।
রোববার সৌদি আরব সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় বলেছেন, ইরাকে দায়েশ-বিরোধী লড়াই যেহেতু শেষের পথে, সে কারণে ইরানসহ অন্য যেসব দেশ ইরাককে যুদ্ধে সহায়তা করছে তাদের ইরাক ছেড়ে চলে যাওয়া উচিত। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় হাশ্দ আশ-শাবির কমান্ডার খাজালি এসব মন্তব্য করলেন।
টিলারসনের বক্তব্যের পর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির কার্যালয়ের গণমাধ্যম বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন মন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করা হয়। বক্তব্যটি নাকচ করে আরো বলা হয়েছে, “ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।”
ইরাকে দায়েশ-বিরোধী লড়াই শুরুর পর থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান বাগদাদ ও কুর্দিস্তানের আঞ্চলিক সরকারকে হারানো ভূমি পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ সামরিক পরামর্শমূলক সহায়তা দিয়ে আসছে। বাগদাদ ও কুর্দি সরকারের অনুরোধে ইরান এ পদক্ষেপ নেয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪