'এগিয়ে যাচ্ছে বীর সেনারা; শিগগিরি দায়েশের শেষ আস্তানা দখল হবে'
https://parstoday.ir/bn/news/west_asia-i47906-'এগিয়ে_যাচ্ছে_বীর_সেনারা_শিগগিরি_দায়েশের_শেষ_আস্তানা_দখল_হবে'
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন,তার দেশের বীর যোদ্ধারা দায়েশ-বিরোধী অভিযানে এগিয়ে যাচ্ছে এবং শিগগিরি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর শেষ আস্তানা দখল করা হবে। তিনি বলেছেন, অল্প সময়ের মধ্যে মুক্ত করা হবে দায়েশের নিয়ন্ত্রণে থাকা সামান্য কয়েকটি শহর ও গ্রাম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৭ ০৮:৪০ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন,তার দেশের বীর যোদ্ধারা দায়েশ-বিরোধী অভিযানে এগিয়ে যাচ্ছে এবং শিগগিরি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর শেষ আস্তানা দখল করা হবে। তিনি বলেছেন, অল্প সময়ের মধ্যে মুক্ত করা হবে দায়েশের নিয়ন্ত্রণে থাকা সামান্য কয়েকটি শহর ও গ্রাম।

ইরান সফরে থাকা অবস্থায় গতকাল (বৃহস্পতিবার) এ বিবৃতি দিয়েছেন হায়দার আল-এবাদি। তিনি বলেন, ইরাকি বাহিনী পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আল-কায়িম ও রাওয়া শহর মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছে। অভিযানে এ দুটি শহর এবং তার আশপাশের এলাকাও মুক্ত করা হবে।

বিবৃতিতে এবাদি ইরাকি যোদ্ধাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি সুস্পষ্ট ঘোষণা দেন- “দায়েশের সামনে মৃত্যু অথবা আত্মসমর্পণ ছাড়া আর কোনা পথ খোলা নেই।”

২০১৬ সালের ১০ অক্টোবর রামাদি মুক্ত করার পর ইরাকি সেনাদেরকে স্বাগত জানাচ্ছে এলাকাবাসী

এদিকে, চলমান অভিযানের কমান্ডার মেজর জেনারেল কাসেম আল-মুহাম্মাদি বলেছেন, দায়েশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো মুক্ত করার জন্য সেনারা চারদিক থেকে এগুচ্ছে। এ অভিযানে পুলিশ, সন্ত্রাস-বিরোধী বিশেষ বাহিনী এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি সেনাবাহিনীকে সহায়তা দিচ্ছে। সামরিক সূত্রের খবর অনুযায়ী, এরইমধ্যে ইরাকি যোদ্ধারা কায়িম শহরের দক্ষিণে অবস্থিত সামরিক ঘাঁটি পুনরুদ্ধার করেছে। এছাড়া, রাওয়া শহরের একেবারেই কাছে পৌঁছে গেছে ইরাকি সেনাবাহিনী।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭