'হাবিজা থেকে পালাতে পিশমার্গাকে মোটা অংকের ঘুষ দিয়েছে দায়েশ'
https://parstoday.ir/bn/news/west_asia-i48037-'হাবিজা_থেকে_পালাতে_পিশমার্গাকে_মোটা_অংকের_ঘুষ_দিয়েছে_দায়েশ'
ইরাকে হাবিজা শহর থেকে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসী এবং তাদের পরিবারের সদস্যদের পালিয়ে যেতে কুর্দি পিশমার্গা বাহিনী সহযোগিতা দিয়েছে। এ অভিযোগ করেছেন ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস বা পিএমইউ'র কমান্ডার মাহদি তাকি। পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটসকে আরবিতে হাশদ্ আশ শাবি বলা হয়ে থাকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ১৫:২১ Asia/Dhaka
  • পিশমার্গা বাহিনী
    পিশমার্গা বাহিনী

ইরাকে হাবিজা শহর থেকে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসী এবং তাদের পরিবারের সদস্যদের পালিয়ে যেতে কুর্দি পিশমার্গা বাহিনী সহযোগিতা দিয়েছে। এ অভিযোগ করেছেন ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস বা পিএমইউ'র কমান্ডার মাহদি তাকি। পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটসকে আরবিতে হাশদ্ আশ শাবি বলা হয়ে থাকে।

গতকাল (সোমবার) মিডল ইষ্ট আই সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাবিজা শহর থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার পথ তৈরি করতে দায়েশ কুর্দি পিশমার্গা বাহিনীকে বড় অংকের ঘুষ দিয়েছে। তিনি বলেন, দায়েশ সন্ত্রাসীরা হাবিজা শহর থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পিশমার্গার নিয়ন্ত্রিত এলাকাগুলো ব্যবহার করেছে এবং পিশমার্গা ১৬০ দায়েশ কমান্ডারকে পালিয়ে যেতে সহযোগিতা দিয়েছে।

হাশদ্ আশ শাবির কমান্ডার আরো বলেন, "পিশমার্গার সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে  আমরা এ তথ্য পাচ্ছি। কিছু খারাপ পিশমার্গা রয়েছে যারা দেশ প্রেমের চেয়ে অর্থকেই বেশি  প্রাধান্য দিচ্ছে।"

ইরাকের হাশদ্ আশ শাবি বাহিনী

এছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক হাশদ্ আশ শাবির আরেক কমান্ডার দায়েশ-পিশমার্গার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। দায়েশ সন্ত্রাসীরা কুর্দিস্তানের রাজধানী আরবিল শহরে পালিয়ে গেছে বলেও জানান তিনি। তিনি মিডল ইষ্ট আই সংবাদ মাধ্যমকে আরো জানিয়েছেন, "আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্য অনুযায়ী, দায়েশের কমান্ডারসহ অন্তত ৩,০০০ সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।" 

হাশদ আশ শাবির জানিয়েছে, পিশমার্গা দায়েশের সাধারণ মানের একজন সন্ত্রাসীর জন্য ১,০০০ ডলার, পরিবারসহ ২,০০০ ডলার এবং কমান্ডার প্রতি ১০,০০০ ডলার পর্যন্ত ঘুষ নিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩১