সৌদি সফরে গিয়ে পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি
https://parstoday.ir/bn/news/west_asia-i48160-সৌদি_সফরে_গিয়ে_পদত্যাগ_করলেন_লেবাননের_প্রধানমন্ত্রী_সাদ_হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন। লেবাননের নিরাপত্তা পরিস্থিতিসহ আরো নানা কারণ দেখিয়ে  আজ (শনিবার) সৌদি আরব থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ০৪, ২০১৭ ১৫:৫৫ Asia/Dhaka

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন। লেবাননের নিরাপত্তা পরিস্থিতিসহ আরো নানা কারণ দেখিয়ে  আজ (শনিবার) সৌদি আরব থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগের ঘোষণা দিয়ে সাদ হারিরি বলেন, "আমরা এমন অবস্থায় বাস করছি যেখানে এর আগেও গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। আমি আশঙ্কা করছি আমাকেও হত্যার টার্গেট করা হয়েছে।" সৌদি আরব সফর গিয়ে হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন হারিরি। তবে তিনি সৌদি আরব থেকে কেন পদত্যাগের ঘোষনা দেন তা স্পষ্ট নয়।

এদিকে, পদত্যাগ বিষয়ে সাদ হারিরি লেবাননের বাইরে থেকে প্রেসিডেন্ট মিশেল আউনকে ফোন করেছেন বলে প্রেসিডেন্টের দফতর নিশ্চিত করেছে। এখন পদত্যাগের কারণ জানতে প্রেসিডেন্ট আউন তার লেবাননে ফিরে আসার অপেক্ষা করছেন বলেও জানায় ওই দফতর।

এছাড়া, লেবাননের প্রোগ্রেসিভ সোসালিস্ট পার্টি'র নেতা ওয়ালিদ জুমব্লাত বলেছেন, সাদ হারিরির পদত্যাগ লেবাননের রাজনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে।

২০০৯ সালের নভেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর ২০১৬ সালে তিনি প্রধানমন্ত্রী  হিসেবে পুনঃনির্বাচিত হন। আল-হারিরির বাবা রফিক আল-হারিরি ছিলেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী। ২০০৫ সালে তাকেও হত্যা করেছিল আততায়ীরা। তখন থেকেই সাদ হারিরি  ফিউচার মুভমেন্ট পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৪