প্রতিরোধ যোদ্ধারা অস্ত্র সমর্পণ করবে না: হামাস
-
হামাসের সামরিক শাখার কয়েকজন সদস্য
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা শেইখ হাসান ইউসুফ বলেছেন, সমরাস্ত্র হচ্ছে প্রতিরোধ আন্দোলনের অধিকার এবং এ বিষয়ে আলোচনার প্রশ্নই আসে না। ইসরাইলি দখলদারি থাকা পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা অস্ত্র সমর্পণ করবে না। তিনি জাতীয় ঐক্য ও সংহতির পথে বাধা সৃষ্টি না করতে সব ফিলিস্তিনির প্রতি আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার পাশাপাশি শরণার্থীদের প্রত্যাবর্তন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। ফিলিস্তিনের জাতীয় লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য সব দল ও সংগঠনের উপস্থিতিতে সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন এই হামাস নেতা। তিনি বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
এদিকে, আজ আবারও ইহুদিবাদীরা আল-আকসা মসজিদে প্রবেশ করে মুসলমানদের অবমাননা করেছে। মসজিদে ঢুকে তারা ইহুদিবাদী সেনাদের প্রতি সমর্থন ঘোষণা করে। আল-আকসা মসজিদে হামলা ও অবমাননার প্রতিবাদে ২০১৫ সালের অক্টোবর থেকে মুসলমানরা সেখানে 'কুদস ইন্তিফাদা' শুরু করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫