ইয়েমেনের মসজিদ বোমা মেরে উড়িয়ে দিল সৌদি আরব
-
সৌদি হামলায় ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবন (ফাইল ফটো)
ইয়েমেনের মা'রিব প্রদেশে সৌদি বিমান হামলায় একটি মসজিদ ধ্বংস হয়েছে। আরবি টিভি চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সিরওয়াহ জেলার মসজিদটি বোমা মেরে ধ্বংস করা হয়েছে। সৌদি হামলার একটি ভিডিও চিত্রও প্রকাশ করা হয়েছে।
এর আগে গতকাল সা'দা প্রদেশের রাজিহ জেলার একটি মসজিদসহ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিমান হামলা চালায় সৌদি আরব। আল-মাসিরা টিভি চ্যানেলের ভিডিওতে দেখা গেছে, একটি মসজিদ পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে এবং ধ্বংসযজ্ঞে পবিত্র কুরআনের পৃষ্ঠা পড়ে আছে।
সা'দা প্রদেশের সাহার জেলাতেও হামলা হয়েছে। এর ফলে অন্তত দুই জন আহত হয়েছে।
২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত বহু মসজিদ ধ্বংস হয়েছে। এ সময়ে নিহত হয়েছে অন্তত ১৩ হাজার ছয়শ' ইয়েমেনি। এছাড়া দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনকে ভাগ করে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় বলে এর আগে দেশটির সালভেশন সরকারের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫