ভবিষ্যত যুদ্ধে নাসরুল্লাহকে হত্যা করে বিজয় সুনিশ্চিত করব: ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i53763-ভবিষ্যত_যুদ্ধে_নাসরুল্লাহকে_হত্যা_করে_বিজয়_সুনিশ্চিত_করব_ইসরাইল
লেবাননের বিরুদ্ধে ভবিষ্যত যুদ্ধে দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার বিষয়টি ইসরাইলের জন্য 'সুনিশ্চিত বিজয়' হিসেব গণ্য হবে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা কর্মকর্তা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ০১, ২০১৮ ১৫:১২ Asia/Dhaka
  • প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের বিরুদ্ধে ভবিষ্যত যুদ্ধে দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার বিষয়টি ইসরাইলের জন্য 'সুনিশ্চিত বিজয়' হিসেব গণ্য হবে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা কর্মকর্তা।

ইসরাইলি সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইয়াকোভ বারাক গতকাল (বুধবার) বলেছেন, "ভবিষ্যত যুদ্ধে আমরা যদি নাসরুল্লাহকে হত্যা করতে সক্ষম হয় তাহলে এটা হবে আমাদের জন্য একটি সুনির্দিষ্ট বিজয়।" জেনারেল বারাক দাবি করেন যে ভবিষ্যত যুদ্ধ আগের যুদ্ধের চেয়ে ভিন্ন মাত্রার হবে। লেবাননের ভূখণ্ডের গভীরে খুব দ্রুত এবং ব্যাপক পরিসরে ঢুকে পড়ার জন্য ইসরাইলের স্থল বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আগামী বছরের যুদ্ধ কয়েক দিনের কোনো যুদ্ধ হবে না। আবার এটি কয়েক মাসব্যাপী ধরেও চলবে না।

এর আগে গত নভেম্বরে ইসরাইলের সামরিক বাহিনীর প্রধানের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রনেন মেনেলিস বলেছিলেন যে ভবিষ্যতে লেবাননের বিরুদ্ধে আগ্রাসনে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করার বিষয়টিকে প্রাধান্য দেবে ইসরাইল। তিনি আরো বলেছিলেন, "আগামী যুদ্ধে হয়ত কোনো সুষ্পষ্ট বিজয় আসবে না তবে হাসান নাসরুল্লাহকে যে প্রধান টার্গেট করা হবে সে ব্যাপারে আমি নিশ্চিত।"

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এর আগে বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ বাধলে ইহুদিবাদী ইসরাইলের কোনো অংশই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পাবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/১