ইসরাইলি সেনাদের হামলায় ৯ ফিলিস্তিনির শাহাদাত
-
ফিলিস্তিনিদের লক্ষ্য করে সরাসরি গুলি করছে ইসরাইলি সেনারা (ফাইল ছবি)
গেল ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে নয় ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা আর-রাই’র বরাত দিয়ে ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল আল-আলম এ খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার শিকার হয়ে এসব ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া, গত মাসের হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৫৪৮ ফিলিস্তিনি।
এদিকে ফিলিস্তিনিরা গতমাসে ইহুদিবাদীদের বিরুদ্ধে ২১টি অভিযান পরিচালনা করেছেন যার ফলে একজন ইহুদিবাদী নিহত হয়েছে।
একই মাসে ইসরাইলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা ও বায়তুল মুকাদ্দাস থেকে ৩৪৯ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে যাদের মধ্যে ৬২ জনই শিশু।
এদিকে ফিলিস্তিনের কুদস ইন্তিফাদা তথ্যকেন্দ্র জানিয়েছে, গত কয়েক মাসে ইহুদিবাদী সেনারা হত্যা করার পর যেসব ফিলিস্তিনির লাশ এখনো তাদের পরিবারের কাছে ফেরত দেয়নি সেসব লাশের সংখ্যা ১৭তে উন্নীত হয়েছে।
কুদস দখলদার ইসরাইল নিজের সম্প্রসারণকামী নীতি বাস্তবায়ন ও ফিলিস্তিনি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে প্রায় প্রতিদিনকে কোনো না কোনো ফিলিস্তিনি এলাকায় হামলা চালাচ্ছে অথবা ফিলিস্তিনি যুবকদের ধরে নিয়ে যাচ্ছে। বর্তমানে ইসরাইলি কারাগারে প্রায় সাত হাজার ফিলিস্তিনি বন্দি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।#
পার্সটুডে/মুজহিদুল ইসলাম/৩